স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌরবিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহারসংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে রেজিস্ট্রেশন দেব না ও নবায়ন করবো না। তারা সৌরবিদ্যুৎ ছাড়া রিচার্জ করলে জরিমানা হবে।’
প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে আটটি জোনে ভাগ করে আট রংয়ের ই-রিকশা (ব্যাটারিচালিত) চালুর অনুমতি দেওয়া হবে এবং এক জোনের রিকশা যেন অন্য জোনে যেতে না পেরে সেটি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘ইলেকট্রিক রিকশাগুলোর বিষয়ে এখন বিধিমালা তৈরির কাজ করছে যেখানে তাদের জন্য কিছু শর্ত দেওয়া হবে। তারা যে রিচার্জ করবে সেটা অবশ্যই সৌরবিদ্যুৎ দিয়ে করতে হবে। সেটা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো। এর রেজিস্ট্রেশন বিআরটিএ করবে না। রেজিস্ট্রেশন করবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সংসদে আইন পাশ করা আছে। তার আলোকে আমরা বিধিমালা করছি।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বিধিমালায় রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আমরা রেজিস্ট্রেশন নবায়নে পূর্বশর্ত দিয়েছি যে সরকারি পলিটেকনিক ইন্সটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। নবায়নের সময় আবার ফিটনেস নিতে হবে।’