র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার ডিজিএফআই সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন টিমের সদস্যদের সেখানে যাওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও ঘটনাস্থল সম্পর্কে ধারণা নিতেই এ পরিদর্শন বলে জানিয়েছে প্রসিকিউশন।
পরিদর্শন দলে থাকবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
এর আগে, গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা। ওই সময় ছোট-বড় ২৯টি কক্ষ ঘুরে দেখার পাশাপাশি সাতটি ডেথ সেলও পরিদর্শন করেন তারা। এসব সেলে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগের বিষয়েও তারা ধারণা নেন।
এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল-১। আবেদনে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতের ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখা, নির্যাতন ও গুমের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়।