দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধে নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এখন থেকে তাদের বেতন সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত বাজেট বরাদ্দের একটি আনুষ্ঠানিক পত্র জারি করেছে। এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েনকৃত আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় স্বাস্থ্য সেবা বিভাগের নির্ধারিত বরাদ্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথোরাইজ করা হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কেন্দ্রীয় আইবাস++ (iBAS++) ডিডিও মডিউলের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অনুমোদিত অঙ্গীভূত আনসার সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেতন-ভাতা পাঠাবে।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে প্রচলিত ধীরগতির প্রক্রিয়ার পরিবর্তে মাসের শুরুতেই সদস্যরা ঝামেলামুক্তভাবে বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ উদ্যোগকে বাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া এই ব্যবস্থা ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও অনুসরণীয় মডেল হিসেবে কাজ করতে পারে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।