মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি ভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা তো প্রস্তুতি শুরু করছি। প্রথা অনুযায়ী এখন স্পিকারের (ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল) সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ইসি সচিবালয় দু-একদিনের মধ্যে চিঠি দিয়ে সাক্ষাতের সূচি চাইবে। ভারপ্রাপ্ত স্পিকার যখন সময় দেবেন, তখনই এই বৈঠক হবে।’
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমান পরিস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।
এর আগে, গুরুতর অসুস্থততার কথা জানিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পরের রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর সে পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কায়সার কামাল।
রাষ্ট্রপতির পদত্যাগের পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।
সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এরপর সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।