দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সাম্প্রতিক কিছু ভুল বোঝাবুঝির ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি বলেছে, রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ এবং গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখেই তারা দায়িত্ব পালন করে।
শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত আনসার সদস্যরা নিজস্ব কোনো নিয়ম প্রয়োগ করেন না। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা, নীতিমালা ও প্রচলিত আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কিছু ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এসব ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে প্রচার হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আনসার বাহিনীর দাবি, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় প্রবেশ, চিত্র ধারণ বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা ও প্রচলিত আইন মেনে চলা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে দায়িত্বে থাকা আনসার সদস্যরা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করেন, যা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।
বিবৃতিতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়, গণমাধ্যম অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে তুলে ধরে এবং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ভূমিকার প্রতি বাহিনীর সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।
একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। আনসার বাহিনী মনে করে, তথ্য সংগ্রহের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করলে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।
বিবৃতির শেষাংশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা মতপ্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকদের আইনসম্মত পেশাগত দায়িত্ব পালনের প্রতিবন্ধক নয়। বরং রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সকল অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাওয়াই তাদের অঙ্গীকার।