‘প্রতি সপ্তাহেই বাজারে এসে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। আগে ১ হাজার টাকায় কয়েক দিনের বাজার হয়ে যেত, এখন শুধু সবজি কিনতেই সেই টাকা শেষ হয়ে যায়। এছাড়াও অন্যান্য খরচতো আছেই। বাজারের এই উর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্য আয়ের পরিবার চাপের মধ্যে আছে।’ কথাগুলো বলছিলেন ফার্মগেটের ইন্দিরা রোডে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সেলিনা বেগম।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর, ইন্দিরা রোড, কারওয়ান বাজার, রামপুরাসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২৪০ টাকায়। কোথাও কোথাও ২৬০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। শসা ১২০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা এবং কাঁকরোল ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
বিক্রেতাদের অভিযোগ, টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। যার কারণে ঢাকায় সবজির সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে।
ইন্দিরা রোডের সবজি বিক্রেতা মিজান বলেন, ‘বন্যার কারণে অনেক এলাকার সবজি নষ্ট হয়ে গেছে। আবার যেসব এলাকা থেকে সবজি আসছে, সেখান থেকেও সরবরাহ কম। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।’
রুবিনা বেগম নামের এক ক্রেতা বলেন, কাঁচামরিচ, শসা, বেগুন-সবকিছুর দাম অনেক বেশি। সংসারের খরচ বারবার পরিবর্তন করতে হচ্ছে। প্রয়োজনের সব জিনিস আর কেনা যাচ্ছে না।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ইলিশসহ সাধারণ মাছের দাম। পিছিয়ে নেই মুরগিও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। মুরগি বিক্রেতা রুবেল হোসেন বলেন, খামার থেকেই মুরগির দাম বেশি। সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় খুচরা বাজারেও দাম বেড়েছে।
মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
ডিমের বাজার অবশ্য স্থিতিশীল রয়েছে। লাল ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতা ইয়াসিন বলেন, ‘ডিমের সরবরাহ এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। তাই গত সপ্তাহের দামেই বিক্রি করছি।’