বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কক্সবাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। দুই দিনের এ সফরে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, অপারেশনাল প্রস্তুতি এবং বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।
বিজিবি জানায়, ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার সফরকালে মহাপরিচালক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করেন তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার, অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সফরের অংশ হিসেবে কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমেও অংশ নেন বিজিবি মহাপরিচালক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি চিকিৎসাসেবামূলক মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হয়, যেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পরিদর্শনের শেষে দেশের সীমান্ত সুরক্ষা ও জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মহাপরিচালক। তিনি বাহিনীর সদস্যদের সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেন। একই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।