রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে উঠে এসেছে একটি গ্রেনেড। পরে বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার ছেলে। খবর পেয়ে পুলিশ ও বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) চারঘাট থানাধীন রাওথা গ্রামের জেলে সাইদুর রহমান পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় মাছের পরিবর্তে তার জালে উঠে আসে ছোট আকৃতির কিন্তু ভারী একটি বস্তু। কর্দমাক্ত বস্তুটি মূল্যবান কোনো জিনিস মনে করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান।
পরে বস্তুটি পরিষ্কার করার সময় সাইদুরের ছেলে সাব্বির রহমান সেটি দেখে সন্দেহ করেন। গুগলে অনুসন্ধান করে তিনি ধারণা করেন, এটি একটি বোমা বা গ্রেনেড হতে পারে। এরপর কোনো ঝুঁকি না নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে চারঘাট থানা, বম্ব ডিসপোজাল ইউনিট এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করা হয়। খবর পেয়ে চারঘাট থানা পুলিশের একটি দল ও বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল ইয়াছিন আরাফাত। পরে কলার ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করেন পুলিশ ডিসপ্যাচার এসআই আমিনুল ইসলাম।