পুলিশের কাছে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করাই একজন পুলিশ সদস্যের প্রধান কর্তব্য।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোরতার পাশাপাশি মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।
আইজিপি আরও বলেন, বর্তমানে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে দেশসেবার মহান দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।