দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নতুন নতুন এলাকায় বন্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর সুনামগঞ্জের ছাতক পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী নদীর নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
দেশজুড়ে পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ৮০টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৪৪টি স্টেশনে পানি কমেছে, দুটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্টেশনের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান ও দেশের অভ্যন্তরে অব্যাহত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী স্টেশনে পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। এর মধ্যে রয়েছে সুরমা নদীর কানাইঘাট, সিলেট সদর ও সুনামগঞ্জ স্টেশন, তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্ট এবং মুহুরী নদীর ফেনীর হরিপুর স্টেশন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায়ও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের মাওকিরওয়াত এলাকায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশে সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জামালপুরে।
এদিকে টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যে দেশের অন্তত ছয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে দুর্ভোগে পড়েছেন। বন্যা ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।