প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেগুলোর পরিচর্যা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার।’ সোমবার (১৩ জুলাই) বেলা সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গুদাম সংলগ্ন সাগরদী খালের দুই পাশে একযোগে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশা ও সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। দেশের জন্য, মানুষের জন্য আমরা যদি একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে সবাই উপকৃত হবো।’
তিনি বলেন, ‘আসুন, এই বৃক্ষরোপণ দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—যে যার অবস্থান থেকে পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের ঘর আমরা নিজেরা পরিষ্কার না রাখলে যেমন নোংরা হয়ে যায়, তেমনি আমাদের এলাকা, পাড়া কিংবা দেশকে পরিচ্ছন্ন না রাখলে ক্ষতির শিকার হবো আমরাই। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস করার আগে নিজেদের পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।’
সাগরদী খালের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খালের রক্ষণাবেক্ষণ শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; আশপাশের বাসিন্দাদেরও দায়িত্ব রয়েছে। খালে পলিথিন, প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বর্জ্য না ফেলার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।’ একই সঙ্গে সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচারণা জোরদারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি বরিশাল নগরের উদ্দেশে রওনা হন। সড়কের দুই পাশে গড়ে তোলা মানবপ্রাচীরের মধ্য দিয়ে বেলা ২টার দিকে তাঁর গাড়িবহর বরিশাল নগরের বান্দ রোডে পৌঁছায়।