বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান। পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের মধ্যে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে টেস বি ব্রেসনান বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের আন্তরিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমের কারণে জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের কার্যক্রম এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।