বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক পতন খুব শিগগিরই ঘটবে এবং এর জন্য দলটির নেতাকর্মীরাই দায়ী থাকবে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মোবাইল থেকে নেওয়া একটি স্ক্রিনশট দিয়ে রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।’
তিনি আরও লেখেন, ‘ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে.....’
রাশেদ খাঁন বলেন, ‘আমরা ইতোপূর্বে শুধুমাত্র সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে। ইতোমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তারা যতো মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শীঘ্রই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’