ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন। তার বয়স ৪৪।
বাংলাদেশ হাইকমিশন জানায়, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজতর করতে কাজ করছে তারা। আগুনে বাংলাদেশি দুটি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।
এর আগে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতির বরাতে বাসস জানিয়েছিল, আগুনে আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।