পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে তার পদত্যাগপত্রের একটি কপি নাগরিক প্রতিদিনের হাতে এসেছে। সেখানে ‘গৃহীত হলো’ লেখা, স্বাক্ষর ও আজকের তারিখ উল্লেখ রয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, ‘মহোদয়, আমি দীপেন দেওয়ান এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব, উপর্যুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
পরে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।