বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। পাশাপাশি আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বগুড়া যুক্ত হওয়ায় দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩-তে দাঁড়াবে।
এছাড়া নতুন যে পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে সেগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হলে এ সংখ্যা বেড়ে হবে ৫০০।