স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের পরিচয় একাত্তর, এ নিয়ে বারবার কথা বলতেই হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা লড়াই করেছি।
তিনি বলেন, সেই একাত্তরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই একাত্তরকে যদি খাটো করার চেষ্টা করে তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। সেইজন্যই আমার সহকর্মী সালাহউদ্দিন সাহেব যেটা বলেছেন, একাত্তর নিয়ে কথা আমাদের বলতেই হবে। কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টি। আমি বারবার একটা কথা বলছি, একাত্তর হচ্ছে আমাদের পরিচয়। এজনই আমরা এ কথাটা বারবার বলি।
তার আগে বিএনপি মহাসচিব লন্ডন বৈঠকের প্রসঙ্গ টানেন। গত বছর জুনের মাঝামাঝি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। সেই বৈঠক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। ১২ ফেব্রুয়ারির সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।