বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। এছাড়াও অন্যান্য জটিলতায় ভুগছিলেন তিনি।
মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।