পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে পেপালের কার্যক্রম চালু করতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়াবিদদের কল্যাণে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ইতোমধ্যে ভাতা পেয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদেশগামী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ভিসা পাওয়ার আগেই ঋণ গ্রহণ সহজ করা হয়েছে।