মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক প্রজ্ঞাপনে জানায়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে থাকবে। এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
এদিকে ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।