দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা অপরিহার্য।’ শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।
ঈদের দিন আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কূটনীতিক, রাজনৈতিক নেতা, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সমর্থন ও অংশগ্রহণ থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’
প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন পর দেশের মাটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এবারের মতো শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভবিষ্যতেও দেশবাসী ঈদ উদযাপন করতে পারবে, এটাই তার প্রত্যাশা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ঘটনাপ্রবাহে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে একটি প্রত্যাশিত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।