দেশে ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদের তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হবে।
বুধবার (১৮ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।