পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বসম্প্রদায়ের সম্পর্ক আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ মার্চ) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
রমজানের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এই মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।