২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ (মরণোত্তর) ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-
১. প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর)। ক্ষেত্র: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৩. মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৪. অধ্যাপক ড. জহুরুল করিম। ক্ষেত্র: বিজ্ঞান ও প্রযুক্তি
৫. ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ক্ষেত্র: চিকিৎসাবিদ্যা
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। ক্ষেত্র: সাহিত্য
৭. এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)। ক্ষেত্র: সংস্কৃতি
৮. বশির আহমেদ (মরণোত্তর)। ক্ষেত্র: সংস্কৃতি
৯. জোবেরা রহমান লিনু। ক্ষেত্র: ক্রীড়া
১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ক্ষেত্র: পল্লী উন্নয়ন
১১. ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৩. মো. সাইদুল হক। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। ক্ষেত্র: জনপ্রশাসন
১৭. মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৮. অধ্যাপক ড. এম এ রহিম। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
২০. আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)। ক্ষেত্র: পরিবেশ সংরক্ষণ
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রতিবছর ২৬ মার্চ এ পদক দেওয়া হয়।
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে।