যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিন সকাল ১১টায় প্রতিনিধিদলটি প্রবেশ করে এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।
বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘এটা তো বলার অপেক্ষা রাখে না—যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বৈঠকে আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক, আমাদের সঙ্গে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
এর আগে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করে। সেই বৈঠকটিও মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।