তিনটি পৃথক মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খাইরুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজের পক্ষের সংশ্লিষ্ট আইনজীবী।
মমতাজের পক্ষের আইনজীবী জানান, হাইকোর্ট তিনটি মামলায় ছয় মাসের জন্য জামিন মঞ্জুর করেছেন। তবে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় জামিন আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে।
আইনজীবী আরও জানান, বাকি তিন মামলাতেও জামিন মিললে মমতাজের মুক্তির পথ সুগম হতে পারে।
এর আগে, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।