৭ মার্চের ভাষণ বাজিয়ে কারাগারে যাওয়ার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বের হন তিনি।
ইমি জানান, গত বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী মামলায় তিনি জামিন পান। আইনি জটিলতার কারণে সাতদিন পর মুক্ত হন তিনি।
তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি, শ্রদ্ধা করি। সেই সুবাদে আমি ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলাম। এটা কি অন্যায়? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা মব সৃষ্টি করে আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় আমাকে দুই মাস জেলে আটকিয়ে রেখেছে। একদিন দেশবাসী এর বিচার করবে।’
ইমির বাবা শেখ গোলাম ইকবাল বলেন, আমি একজন গর্বিত পিতা এ জন্য যে, আমার মেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে মবের শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছে।
চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।