কলেরা প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। নির্ধারিত ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে কলেরা প্রতিরোধী মুখে খাওয়ার এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক বছর বা তার বেশি বয়সি সব নাগরিক এই সুবিধার আওতায় থাকলেও গর্ভবতী নারীরা এই টিকা গ্রহণ করতে পারবেন না। টিকার পূর্ণ কার্যকারিতা ও সম্পূর্ণ সুরক্ষার জন্য দুটি ডোজই নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্রহণ করা বাধ্যতামূলক।
শনিবার (২২ আগস্ট) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হবে ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
পাশাপাশি রাজধানীর তেজগাঁওয়ে অন্য এক কর্মসূচির মাধ্যমে পৃথকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
ডিএসসিসির অধীনস্থ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর, এই ৪টি থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে। এ ছাড়া ডিএনসিসির শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে।