দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশে হাম ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১০ জনে।
শুক্রবার (২৪ জুলাই) দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচটি মৃত্যুই সন্দেহভাজন হামজনিত মৃত্যু। এর ফলে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭১৫ জন। আর নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৫ জনে অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ১৫০ জনে। একই সময়ে ১৮৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে সন্দেহভাজন হাম নিয়ে মোট এক লাখ চার হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ এক হাজার ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।