গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৫১৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়ে ঢাকায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৬৩ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৩০৫ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৯ হাজার ১৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৪ হাজার ৯৬৮ শিশু ছাড়পত্র পেয়েছেন।