দেশে গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টির ফলে ঢাকার বাতাস এখন অনেকটাই নির্মল ও সহনীয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিং অনুযায়ী, রোববার (১২ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৫৫। দূষিত শহরের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান ৫৮ নম্বরে। আইকিউএয়ারের এই স্কোরকে সাধারণত ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে ধরা হয়।
আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান সূচকে দেখা যায়, ১৭২ স্কোর নিয়ে দূষণের শীর্ষ স্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও ১৬১ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় স্থানে।
সাধারণত স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ও ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
বর্ষার এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঢাকার বায়ুমান আগামী কয়েক দিন এই সহনীয় অবস্থাতেই বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।