জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবার নির্বাচনী উত্তাপে একাত্ম হলেন। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ে তেমন সক্রিয় না থাকলেও ব্যবসায়িক কাজে দারুণ ব্যস্ত। শুরুতে কিছুদিন ঢাকায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলেও এখন মানিকগঞ্জে রেষ্টুরেন্ট ব্যবসায় মনযোগী। তবে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এবার সেদিকে দৃষ্টি দিয়েছেন এই চিত্রনায়ক।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজের রাজনৈতিক দর্শন প্রকাশ করে ভোট চেয়েছেন। ‘ভোট আমি ধানের শীষে দেব’ লিখে নিজের আইডিতে প্রকাশ করেছেন ওমর সানী।
আরেকটি পোষ্টে তিনি গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির জন্যও ভোট চেয়েছেন। এই প্রসঙ্গে ফেসবুকে লিখেছেন ‘সবার আগে বাংলাদেশ, মানুষের সাথেই থাকবেন রনি ভাই’।
রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ওমর সানীর প্রকাশ্যে খুব বেশী আগ্রহ এর আগে দেখা যায় নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওমর সানীর এই রাজনৈতিক মন্তব্যে উজ্জীবিত বিএনপি সমর্থকরা।