নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ ও শরীফ সিরাজ অভিনীত সিনেমা ‘মাস্টার’ আলোচনার কেন্দ্রে কিছুদিন ধরেই।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে পুরস্কার পুরস্কার পেয়েছে। সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে।
৬ ফেব্রুয়ারি রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। ১২টি আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এই সফলতা পেয়েছে ‘মাস্টার’।
উৎসবস্থলে অবস্থান করছেন সিনেমাটির অভিনেত্রী বাঁধন। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ বাংলাদেশের জন্য দারুণ একটি দিন।’
সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তার পেছনে যারা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন, পরবর্তী সময়ে তাদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন। সেই সাহায্য প্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ তাকে পরিণত করে ভিন্ন এক মানুষে, এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।