এখনো ২০ দিনের শুটিং বাকি। মাত্র কয়েক সেন্ডের একটি টিজার প্রকাশ পেয়েছে। আর তাতেই চারদিকে হৈচৈ পড়ে গেছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার। শুধু তাই নয় প্রিন্স’র ক্রেজ ধরে রাখতে শাকিব খানও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব রয়েছেন।
গতকাল তার ভেরিফায়েড পেইজ থেকে মাত্র কয়েক সেকেন্ডের টিজার ঝড় তুলেছে। যেখানে নায়ককে দেখা গেছে লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি।
এসবই মাথা নষ্ট করে দিচ্ছে শাকিব ভক্তদের। শাবিয়ানরাও মুখিয়ে আছেন কবে তাদের বহুল প্রতীক্ষিত সিনেমাটি দেখতে পাবেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিবের এই মারকাটারি অ্যাকশন লুকে হাজারো প্রশ্ন আর রহস্য জন্ম নিয়েছে দর্শকমহলে।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন ভারতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের তাসনিয়া ফারিণ। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এই ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে।
বর্তমানে ছবিটির শুটিং শেষ করতে ‘প্রিন্স’ টিম রয়েছেন শ্রীলঙ্কায়। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন পরিচালক।