গত বছরের আগস্ট মাসে গাজীপুর থেকে শুরু করেছিলেন স্বপ্ন দেখা। সেই স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিল ৩০ জানুয়ারির এক মাহেন্দ্রক্ষণে। লোকগানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’ প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুরের লোকগানের শিল্পী সোহাগ নূরী।
শুধু তিনি পুরস্কারই পান নাই, সঙ্গে পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকাও। সম্মান আর অর্থ-এই দুইয়ে মিলে সোহাগ নূরীর বর্তমান সময় কাটছে বেশ আনন্দের সঙ্গেই।
এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা আর দ্বিতীয় রানারআপ নওগাঁর এনামুল হক মধু। চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হন।
সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব।
বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই সুরের ধারাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো ম্যাজিক বাউলিয়ানা আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে এর পঞ্চম আসর। গত আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেয় প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা পাঁচজন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু।