প্রায় এক দশক পর আবারও একটি একক নাটকে অভিনয়ের জুটি বাঁধলেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। তাদের দুজনেরই মিডিয়ায় পথচলা কাছাকাছি সময়ে শুরু হয়েছিল। তখন তারা একসঙ্গে অনেক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।
এর মাঝে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ তৌসিফ-স্পর্শিয়াকে দেখা গেলেও এবার একক নাটকে জুটি হয়ে ফিরলেন। তাদের অভিনীত নতুন এই নাটকটির নাম হচ্ছে ‘মাই ব্যাড বয়’।
নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসেন রাখি। সম্প্রতি বুম ফিল্মসের ইউটিউবে নাটকটি প্রকাশ হয়েছে। এরইমধ্যে প্রায় দুই মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন।
এই নাটকে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমরা অনেক নাটকে একসঙ্গে অভিনয় করলেও ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ হয়নি। ১০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করছি। খুব ভালো লাগছে। স্পর্শিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, কারণ আমরা ক্যামেরার পেছনের বন্ধু।'