শিল্প-সংস্কৃতির অঙ্গনের গুণী মানুষদের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে তাদের স্মরণে করা হচ্ছে নানা আয়োজনে। সেই ধারাবাহিকতায় ৫ জুন বিকালে থাকছে নন্দিত কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠান। এতে আলোচক হিসেবে থাকবেন তারই পুত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।
এদিন বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে থাকছে সেমিনার, আলোচনা সভা ও হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেমিনার পর্বে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ড. শাহাদাৎ রুমন। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। থাকবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
সেমিনারের আগে হবে চলচ্চিত্র প্রদর্শনী। বিকাল ৪টায় দেখানো হবে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’; এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে ‘ঘেটুপুত্র কমলা’। এছাড়া হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী। আয়োজনটি সবার জন্য থাকবে উন্মুক্ত।