অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপাশি নাটক এবং শর্টফিল্ম প্রযোজনাও করেছেন এই অভিনেতা। তবে সিনেমা প্রযোজনা করে প্রযোজক হিসেবে আন্তর্জাতিক সফলতা পেলেন অভিনেতা মনোজ প্রামানিক।
তার প্রযোজিত প্রথম সিনেমাটির নাম ‘ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাণ্ড অ্যান এলিফ্যান্ট’। পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ।
সিনেমাটি সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।
চীনের সাংহাই শহরে আগামী ১২ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে উৎসবটির ২৮তম আসর। সেখানে ১৫ জুন বিশ্ব প্রিমিয়ার হবে বাংলাদেশের এই চলচ্চিত্রের।
গ্রামীণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্মিত সাদা-কালো এই চলচ্চিত্রে উঠে এসেছে তিন নারীর সংগ্রাম, স্বপ্ন এবং সামাজিক নিপীড়নের গল্প।
কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও নানা বাধা অতিক্রম করে এক অন্ধ তরুণীর আত্মমুক্তির যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে ছবির কাহিনি।
৮০ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার প্রমুখ।
এই সিনেমা প্রসঙ্গে নাগরিক প্রতিদিনকে মনোজ প্রামানিক বলেন, ‘ আমাদের এই সিনেমাটি সবার আগে সাংহাই চলচ্চিত্র উৎসবের দর্শক দেখার সুযোগ পাচ্ছেন। এরপর আরও কয়েকটি উৎসবে প্রদর্শিত হওয়ার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। আশা করছি দেশের দর্শকও সিনেমাটি আগ্রহ নিয়েই দেখবেন।’