ছিনতাইকারীর আঘাতে গুরুতর আহত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা কনা। ১৭ মে রাত ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নায়িকা রঞ্জিতার কানের দুল ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীর আঘাতে তার কান ছিঁড়ে যায়। এরপর তিনি গুরুতর আহত হলে চলচ্চিত্রের সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। তার আঘাতপ্রাপ্ত কানে সাতটি সেলাই লাগে।
রাতেই তাকে দেখতে ভিড় করতে থাকেন সহকর্মীরা। এ ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।’
হাসপাতালের চিকিৎসা শেষে এখন রঞ্জিতা কনা বাসায় বিশ্রামে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহী সদস্য সনি রহমান।
আশির দশকের শেষ ভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভ‚ত হয়েছিলেন রঞ্জিতা। প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি।
প্রথম সিনেমায় নজর কাড়ার পর নায়করাজের পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’ সিনেমায় অভিনয় করেন। প্রায় ৩০টি সিনেমার এ অভিনেত্রীকে ২০০৫ সালের পর আর সিনেমায় পাওয়া যায়নি।