ক্রিকেটকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমির খানের লড়াইয়ের সিনেমা ‘লগন’ এর জনপ্রিয়তা পঁচিশ বছরে একটুও কমেনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। নতুন সিনেমা নিয়ে এত বছর পর আবার এক হচ্ছেন আমির ও আশুতোষ। এবারের চিত্রনাট্যও ক্রিকেটকে কেন্দ্র করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
তবে ‘লগন’ এর মত অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়, নতুন সিনেমায় আমির পর্দায় আসবেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে। সাতচল্লিশের ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যের কাজ জোর কদমে এগিয়ে চলেছে। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। সেই চিত্রনাচ্যে পরিচারক রাজকুমার হিরানিও অবদান রাখছেন। সিনেমার প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। এই সিনেমার কাজ চলতি বছরের সেপ্টেম্বরের দিকে শুরু হতে পারে।
এতে আমিরের সঙ্গে আরও কারা আছেন, তা প্রকাশ করা হয়নি। এদিকে চলতি বছরে আমির খান ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েলের কাজও শুরু করতে যাচ্ছেন।
চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় সিনেমাটি কেবল ব্যবসা সফলই হয়নি, ভারত এবং বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।
আমির খান বলেছেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।