ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়।
এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিনে নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়। তবে শনিবারের আদেশে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেছিলেন তিনি। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কারের দাবি তোলা হয়েছিল। এ ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।