বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের খ্যাতিমান দুই শিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। এই দুই জনপ্রিয় সংগীতশিল্পী প্রথমবার বিটিভির ঈদের আনন্দমেলা ম্যাগাজিনে একসঙ্গে হাজির হচ্ছেন।
অনুষ্ঠানে তারা দুজন তাদের গাওয়া কালজয়ী দুটি গান পরিবেশন করবেন বলে জানা গেছে। রুনা লায়লা গাইবেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। অন্যদিকে বেবী নাজনীনের কণ্ঠে থাকছে তার শিল্পীজীবনের অনবদ্য সৃষ্টি ‘কাল সারারাত’ গানটি।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, সেখানে নিজের সেরা কাজটি তুলে ধরলেই নয়। গানটি নতুন করে গাইতে পেরে নিজেও ভীষণ আনন্দিত।’
জানা গেছে, ‘আনন্দমেলা’য় রুনা লায়লা ও বেবী নাজনীনের গানের পাশাপাশি থাকছে নৃত্য, নাট্যাংশসহ নানা রকম আয়োজন। দেশের প্রথম সারির মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তাঁর নাচের দল নিয়ে একটি চমকপ্রদ পরিবেশনা তুলে ধরেছেন এই ম্যাগাজিন অনুষ্ঠানে। তার পাশাপাশি আরেকটি নাচে অংশ নিয়েছেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।
অন্যদিকে আশির দশকের সাড়া জাগানো পপগান ‘এমন একটা মা দেনা’ নতুন করে এ আয়োজনে গেয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া অভিনেত্রী পরীমনিসহ আরও বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে। উপস্থাপনায় নন্দিত অভিনেতা আফরান নিশো। ‘আনন্দমেলা’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন গীতিকবি কবির বকুল। যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজ সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি ঈদুল আজহার দিন বিটিভিতে প্রচার হবে।