গুরুতর অসুস্থ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয়।
এরইমধ্যে মঙ্গলবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কারিনার বাবা কায়সার হামিদ। তিনি জানান, কারিনার সঙ্গে তার মা লোপা কায়সার সফরসঙ্গী হিসেবে গেছেন। এছাড়া সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।
মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, গত রাতে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে জেট এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেওয়া হয়েছে। এ সময় কারিনার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
কায়সার হামিদ আরও জানান, আপাতত তিনি দেশে রয়েছেন। কারণ, কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়েছে। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসার খরচের ব্যবস্থা করতেও সময় প্রয়োজন হচ্ছে। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গে আছেন।
এর আগে সোমবার দুপুরে কারিনার ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন তার বাবা। তিনি জানিয়েছিলেন, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে এবং একটি জমি বিক্রির প্রক্রিয়াও চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে কারিনার শারীরিক অবস্থা খারাপ ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে নেওয়া হয়।