জনপ্রিয় সঙ্গীতজ্ঞ আদনান সামী চমক দিলেন সবাইকে। তবে এবার তা গান দিয়ে নয়, নতুন লুকের জন্য। তার বদলে যাওয়া রহস্যময় এক লুক দেখে আগ্রহী হয়ে উঠেছেন ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করার পর থেকেই সেটি ভাইরাল।
নতুন ছবিতে আদনান সামিকে ভারী গয়না, আঙুলে আংটি, হাতে ট্যাটু ও চোখে গাঢ় মেকআপে তাকে চেনাই মুশকিল হয়ে পড়েছে। তার পরনে ছিল রাজকীয় আবহের ঐতিহ্যবাহী পোশাক। গায়কের এই ‘সিনেমাটিক’ রূপ দেখে অনেকেই একে কোনো নতুন প্রজেক্ট বা সিনেমার লুক বলে ধারণা করছেন। আদনান নিজে এখন পর্যন্ত এই লুকের কোনো ব্যাখ্যা দেন নাই।
গত কয়েক বছরে আদনান সামির শারীরিক পরিবর্তন নিয়ে কম চর্চা হয়নি। একসময় বেশ স্থূলকায় থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজন কমিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি।
এবার তার নতুন লুক আবার তাকে আলোচনায় টেবিলে তুলে এনেছে। এদিকে সম্প্রতি জি মিউজিক কোম্পানির সঙ্গে নতুন কিছু কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অনেকগুলো কালজয়ী গানের এই শিল্পী ২০২০ সালে ভারতের ‘পদ্মশ্রী’ উপাধিতেও ভ‚ষিত হন।