আগামী ঈদে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ঈদের এই ছবির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হলো চরকি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল দুপুরে খবরটি নিশ্চিত করেছে ‘রকস্টার’ ও চরকি কর্তৃপক্ষ। সিনেমাটির অফিশিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
‘রকস্টার’ ছবিতে শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন।
৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পরই রকস্টার চরিত্রে শাকিব খানের ভিন্ন লুক দর্শক–ভক্তদের মধ্যে কৌত‚হল সৃষ্টি করে। দেশ-বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।
রকস্টার-এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মের সমন্বিত প্রচেষ্টা একটি সিনেমাকে কোথায় নিয়ে যেতে পারে, তার প্রমাণ দর্শকেরাই দিয়েছেন। আমরা দর্শকদের ভালো নির্মাণ দেখানোর চেষ্টা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় ‘রকস্টার’ সিনেমার সঙ্গে চরকির যুক্ত হওয়া।”
চরকির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ছবির পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমা কিংবা কনটেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি একটি আস্থার নাম। ভালো কনটেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, সেটিই আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে।’
সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বৃহৎ দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।
সিনেমাটির বেশিরভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়াও আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভ‚ঁইয়া।
আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনো চ‚ড়ান্ত হয়নি।