মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর স্নিগ্ধ সৌন্দর্য-এই সব মুগ্ধতা দিয়েই ভক্তদের মাতিয়ে রেখেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
নব্বই দশকের সেই রূপালি পর্দার জনপ্রিয় মেয়েটি আজও যেন সময়ের ঘড়িতে একই আছেন। সময় বদলেছে, পর্দার সমীকরণ বদলেছে, কিন্তু কমেনি তার আবেদন, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বারবার নতুন মোড়কে উপস্থাপন করে যাচ্ছেন। ভক্তদের হৃদয়ে ঝড় তোলাটাকেই যেন অভ্যাসে পরিণত করেছেন এই অনিন্দ্য সুন্দরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। যা দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। প্রকাশিত ছবিতে, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষকারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।
বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। এখনও অভিনয়ে নিয়মিত এই চিরযৌবনা নায়িকা।