কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত এই অভিনেত্রীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছে তার পরিবার।
রোববার (১০ মে) সকালে কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ মেয়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, চিকিৎসকদের মতে কারিনার শারীরিক জটিলতা আরও বেড়েছে এবং বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এ সময় তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল বলে জানান তিনি।
কারিনাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার। এ বিষয়ে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান কায়সার হামিদ। সেখানে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
কায়সার হামিদ বলেন, ‘মেয়ের ভিসা যেন দ্রুত সম্পন্ন হয়, সে কারণেই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানাব। আমাদের হাতে খুব বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিতে চাই।’
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তার শরীরে সংক্রমণ এবং হেপাটাইটিস এ শনাক্ত করেন। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।