প্রিয় মানুষের সৌন্দর্য যেন সোনার মতো দীপ্তিময় ও দৃষ্টিনন্দন। তার রূপের উজ্জ্বলতা এবং আকর্ষণ এতটাই তীব্র যে, তা প্রেমিকের হৃদয়ে গভীর আলোড়ন তোলে। সেই মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমিক যেন প্রেমের আগুনে দগ্ধ হতে থাকে প্রতিনিয়ত। প্রিয় মানুষের সেই মায়াবী সৌন্দর্যে এভাবেই বুঁদ হয়ে আছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহ।
তাইতো তিনি নিজের কথা, সুর ও কণ্ঠে গান বেঁধেছেন ‘সোনা বন্ধের গায়’ শিরোনামের নতুন গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন শোভন রায়।
ড্যান্স ঘরানার এই গানের ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সোয়েব আক্তার শান্ত ও অভিনেত্রী অলংকার চৌধুরীর রসায়ন। পাশাপাশি থাকছে তানজিল মিসবাহ’র উপস্থিতিও। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল।
নিজের নতুন গান প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, “আমি সাধারণত বিরহের গান বেশি করি। এই গানটা পুরোপুরি ভিন্ন ঘরানার। শ্রোতাদের ভিন্ন মাত্রার কিছু দেওয়ার জন্যই কাজটি করা। আশা করছি নাচে-গানে ভরপুর নতুন এই গানটি সবার হৃদয়ে দোলা দিয়ে যাবে। শ্রোতাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।”
ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে জানা গেছে, আগামী ১৪ মে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ডিএমএস থেকে প্রকাশ পায় তানজিল মিসবাহ’র গান ‘চাঁদ বদনে’। প্রকাশের পর গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। মাত্র তিন মাসে গানটি ১৫ মিলিয়নেরও বেশি দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।