‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’— এই মূলমন্ত্রকে ধারণ করে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রধান নাট্যদল প্রাঙ্গণেমোর। ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশ-বিদেশে নিরবচ্ছিন্নভাবে নাটক মঞ্চায়ন ও সৃজনশীল নাট্যচর্চার মাধ্যমে সমৃদ্ধ করেছে বাংলাদেশের নাট্যাঙ্গন। তাদের অসংখ্য প্রযোজনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
দলের ২৪ বছরে পদার্পণ এবং দুই যুগ পূর্তি উপলক্ষে আগামী বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের বহুল প্রশংসিত নাটক টিনের তলোয়ার।
নাট্যসম্রাট উৎপল দত্ত-এর কালজয়ী এই নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের উত্তাল প্রেক্ষাপটে রচিত এ নাটকটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।
নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।
মঞ্চ ডিজাইনে রয়েছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সঙ্গীতে শিশির রহমান, পোশাকে নূনা আফরোজ, রূপসজ্জায় জনি সেন এবং পোস্টার ডিজাইনে চারু পিন্টু।
দুই যুগ পূর্তি উৎসবের বিশেষ আয়োজন হিসেবে আগামী ১২ মে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে শেষের কবিতা।
রবীন্দ্রনাথ ঠাকুর-এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
দুই যুগের সৃজনযাত্রা উদযাপনে এই দুটি প্রযোজনা হতে যাচ্ছে প্রাঙ্গণেমোরের দর্শক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ উপহার।