আবার জুটি বেঁধে দ্বৈত গান প্রকাশ করলেন তারকা কণ্ঠশিল্পী বেলাল খান ও পড়শী। তাদের গাওয়া নতুন গানের শিরোনাম ‘তোমার জন্য আমি’। এর কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। নাজির মাহমুদের সুরে গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিল্পী বেলাল খান তার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। এ আয়োজন নিয়ে শিল্পী বলেন, ‘‘শ্রোতাদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে এই মেলো-রোমান্টিক গানটি তৈরি করা। নাজির মাহমুদ প্রথম যখন এই গানের সুর শোনান, তখনই এটি ভালো লেগে গিয়েছিল। সুরকারের পরামর্শে একক গান হিসেবে না গেয়ে দ্বৈত কণ্ঠে রেকর্ড করা। আর যখনই দ্বৈত গান করার সিদ্ধান্ত নিয়েছি, তখন মাথায় এসেছে পড়শীর কথা।
কারণ পড়শী সব ধরনের গানে দারুণ পারদর্শী। আগেও আমরা একসঙ্গে বেশ কিছু দ্বৈত গান গেয়েছি। ভালোবাসি হয়নি বলা’ ও ‘একলা প্রহর’ থেকে শুরু করে গত বছর প্রকাশিত ‘কত যে আপন’ সব গানই শ্রোতা পছন্দ করেছেন। তাই পড়শীর সঙ্গে আরও একবার জুটি বেঁধে এই গান গাওয়া। কথা, সুর, সংগীতায়োজন, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে গানটি সংগীতপ্রেমীদের ভালো লাগবে বলেই আশা করছি।’’
পড়শী বলেন, ‘বেলাল খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া প্রতিটি গানই শ্রোতা পছন্দ করেছেন। তারপরও প্রায় এক বছর আমাদের একসঙ্গে নতুন কোনো আয়োজন করা হয়ে ওঠেনি। অন্যদিকে শ্রোতার নতুন গানের আবদারও থেমে ছিল না। অবশেষে ‘তোমার জন্য আমি’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে বিরতি ভাঙার সুযোগ হলো আমাদের। ভালো লাগার বিষয় হলো, ঠিক যে ধরনের গানের জন্য প্রতীক্ষায় ছিলাম, নতুন এই গানটি ঠিক তেমনই। গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’